
বাংলাদেশে সরকারি চাকরির প্রস্তুতি মানেই অনেকের কাছে এক ধরনের মানসিক যুদ্ধ। বিসিএস, প্রাইমারি শিক্ষকতা, ব্যাংক, বা অন্য যেকোনো বড় চাকরির পরীক্ষার কথা ভাবলেই মাথায় আসে প্রতিযোগিতা, অনিশ্চয়তা, ফ্যামিলি প্রেসার আর নিজের ভয়। দিনশেষে সিলেবাস যত বড়ই হোক, আসল যুদ্ধটা হয় মাথার ভেতর। তাই প্রস্তুতির সাথে সাথে মানসিক চাপ কীভাবে ম্যানেজ করা যায়, সেটা জানাও সমান গুরুত্বপূর্ণ।
প্রস্তুতির পথে চাপের উৎস কয়েকটা জায়গা থেকে আসে। প্রথমত, অনিশ্চয়তা। তুমি জানো না কবে সার্কুলার আসবে, কবে পরীক্ষা হবে, কবে রেজাল্ট, আর হবে কি না। এই না জানা অবস্থা থেকেই অনেক টেনশন তৈরি হয়। দ্বিতীয়ত, তুলনা। কোচিং ক্লাস বা সোশ্যাল মিডিয়ায় দেখো, কেউ অনেক এগিয়ে গেছে, কেউ আগেই সিলেবাস শেষ করেছে, কেউ মডেল টেস্টে ভালো করছে। নিজের অবস্থানকে ওদের সাথে মিলিয়ে দেখেই মনে হতে থাকে, আমি পিছিয়ে আছি। তৃতীয়ত, পরিবারের প্রত্যাশা এবং সমাজের চাপ। আত্মীয়রা প্রায়ই জিজ্ঞেস করে, পরীক্ষার কী খবর, চাকরি কবে হবে, অন্যদিকে বাবা মা ভাবেন, কতদিন আর পড়বে, আর্থিক চাপও থাকে। আরেকটা বড় উৎস হলো নিজের ভেতরের ভয়, আমি পারব তো, আমার ক্ষমতা কি যথেষ্ট, আগের বার ফেল করেছি, আবার হলে কী হবে, এমন সব প্রশ্ন।
এই চাপগুলো একসাথে এসে যখন মাথার উপর বসে, তখন বই খুললেও মন বসে না। অথচ চাইলেই এগুলোকে পুরো উধাও করা যায় না, করতে হয় ম্যানেজ।
অনেকেই প্রিপারেশন শুরু করে প্ল্যান বানিয়ে, যেখানে লেখা থাকে তিন মাসে পুরো সিলেবাস শেষ, দিনে দশ ঘণ্টা পড়া, প্রতিদিন এক সেট মডেল টেস্ট। শুনতে সুন্দর, কিন্তু বাস্তবে যদি তুমি আগে কখনও দিনে চার ঘণ্টার বেশি সিরিয়াসলি পড়ার অভ্যাস না রাখো, তাহলে হঠাৎ দশ ঘণ্টা ধরে পড়া মানে নিজের সাথে যুদ্ধ। দুই তিন দিনেই ভেঙে পড়া স্বাভাবিক।
ভালো উপায় হলো ছোট ছোট টার্গেট সেট করা। যেমন প্রথম সপ্তাহে শুধু বাংলা আর ইংরেজির নির্দিষ্ট কিছু টপিক, দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ বিষয়াবলিতে একটা নির্দিষ্ট অংশ, এভাবে ধীরে ধীরে স্কেল বাড়ানো। বড় টার্গেটকে ভেঙে ছোট করা মাত্রই মাথার ভেতরের চাপ কমে যায়। কারণ তখন মনে হয়, আজকের কাজটা করা সম্ভব, অসম্ভব কিছু না। ছোট টার্গেট পূরণ হলে একটা স্যাটিসফ্যাকশনও আসে, যা পরের দিনের জন্য মোটিভেশন হয়ে যায়।
প্রস্তুতির সময় অনেকেই এমন রুটিন বানায়, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত মিনিট ধরে সব ঠিক করা। বাস্তবে একদিন অসুস্থতা, কোনো পারিবারিক কাজ, হঠাৎ অতিথি, অথবা নিজের মন খারাপ হলে সেই রুটিন ভেঙে যায়, এরপর নিজেকে নিয়েই শুরু হয় আত্মদোষারোপ। এতে স্ট্রেস আরও বেড়ে যায়।
রুটিন এমনভাবে করা ভালো, যাতে ব্লক ধরে সময় ভাগ থাকে, কিন্তু কিছুটা ফ্লেক্সিবিলিটিও থাকে। যেমন সকালে দুই ঘণ্টা কঠিন সাবজেক্ট, দুপুরে দুই ঘণ্টা মাঝারি ধরনের পড়া, রাতে দুই এক ঘণ্টা রিভিশন বা মডেল টেস্ট। মাঝখানে যদি একদিন কোনো কারণে সময় কমও হয়, নিজেকে সুযোগ দাও পরদিন বা সপ্তাহের শেষে সে ঘাটতি সামলানোর। রুটিন অনুসরণ না করতে পারলে নিজেকে অপরাধী মনে না করে, প্ল্যানটাকে সামান্য এডজাস্ট করা মানেই স্ট্রেস কমিয়ে নেওয়া।
প্রস্তুতির সময় ফেসবুক গ্রুপ, কোচিং এর ব্যাচ, ইউটিউব, চারদিকেই তুমি দেখবে অন্যদের আপডেট। কেউ একদিনে কত পেজ শেষ করল, কেউ কত নাম্বার পেল, কেউ কত দ্রুত সিলেবাস শেষ করে ফেলল। এগুলো যদি তোমাকে অনুপ্রাণিত করে, তাহলে খুব ভালো। কিন্তু যখন মনে হতে শুরু করে, সবাই এগিয়ে যাচ্ছে আর আমি পারছি না, তখনই এটা মানসিক চাপে বদলে যায়।
নিজের জন্য একটা সহজ নিয়ম ধরতে পারো। অন্যকে শুধু রেফারেন্স হিসেবে দেখবে, মাপকাঠি হিসেবে না। মানে, কেউ যদি বলে সে এক মাসে পুরো বাংলা শেষ করেছে, তুমি ভাববে, আচ্ছা, সে পারলে আমিও কিছুটা বেশি চেষ্টা করতে পারি, কিন্তু এই ভেবে নিজেকে ছোট করবে না যে আমি পারি না। প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড, ভিত্তি, দক্ষতা আলাদা। যার আগে থেকেই গণিতের বেস ভালো, সে দ্রুত শেষ করবে, আর কেউ হয়তো বাংলা বা ইতিহাসে দ্রুত হবে। নিজের উন্নতির স্কেল নিজের আগের অবস্থার সাথেই তুলনা করাই স্ট্রেস কম রাখে।
চাকরির প্রস্তুতিতে ব্যর্থতা খুবই সাধারণ, কিন্তু আমরা একে ব্যক্তিগত পরাজয়ের মতো দেখি। একবার প্রিলি ফেল, লিখিত না হওয়া, অথবা ভাইভাতে বাদ পড়া মানে এই না যে তুমি অযোগ্য। এর মানে শুধু এই, তোমার প্রস্তুতিতে কোথাও গ্যাপ আছে, বাকি প্রতিযোগীদের চেয়ে সামান্য পিছিয়ে আছো।
ব্যর্থতার পর প্রথম কাজ হওয়া উচিত পরীক্ষাকে ঠান্ডা মাথায় রিভিউ করা। কোন অংশে নম্বর কম পেয়েছ, কোন সাবজেক্টে বেশি ভুল হয়েছে, সময় ব্যবস্থাপনা কেমন ব্যর্থ হয়েছে, এগুলো লিখে রাখো। অনেকেই তা না করে শুধু emo হয়ে যায়, ফলে পরেরবারও একই ভুল রিপিট করে। ব্যর্থতাকে যদি তুমি ডায়াগনোসিস করার একটি রিপোর্ট ভাবো, তাহলে সেই রিপোর্ট দেখে প্ল্যান চেঞ্জ করা অনেক সহজ হয়। এই মানসিকতা স্ট্রেস কমায়, কারণ তখন তুমি বুঝতে পারো, সমস্যাটা অমীমাংসিত নয়, বরং সলভেবল।
ঘুম কমানো, ঠিকমতো না খাওয়া, সারাদিন চেয়ারে বসে থাকা, একটানা মোবাইল আর বইয়ের দিকে তাকিয়ে থাকা – এগুলোকে অনেকে sacrifice ধরে নেয়। বাস্তবে এগুলোই মানসিক চাপকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। পর্যাপ্ত ঘুম না হলে তোমার মনোযোগ কমে, ছোট ছোট ভুল বাড়ে, একটা প্যারাও মনে থাকে না, তখন নিজেকে ব্যর্থ মনে হয়, যা আবার স্ট্রেস বাড়িয়ে দেয়।
প্রস্তুতির সময় প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুম, আর হাঁটা বা হালকা ব্যায়াম খুব কাজে দেয়। তীরের মতো টান টান হয়ে থাকলে যত পড়াই পরিবার ও নিজের কাছে justify করো না কেন, একটা পর্যায়ে গিয়ে মাথা আর কাজ করবে না। বরং প্রতিদিন আধা ঘণ্টা হাঁটার সময় পাওয়া, ফাস্টফুড কমিয়ে সহজ খাবার খাওয়া, ঘুমকে priority দেওয়া, এগুলো পড়ার মান বাড়িয়ে স্ট্রেস কমায়।
চর্চা থেকেই তো অনলাইন মক টেস্ট, প্রশ্নব্যাংক – সব পাওয়া যায়। আবার এই মোবাইল থেকেই সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, অকারণ স্ক্রলিং, comparison, fake লাইফস্টাইল – এগুলোও আসে। কোন দিকটা বেশি প্রভাব ফেলবে, সেটা নির্ভর করে তুমি কিভাবে ব্যবহার করছ তার উপর।
প্রস্তুতির সময় মোবাইল ব্যবহার করতে চাইলে কিছু বেসিক নিয়ম ধরতে পারো। যেমন পড়ার ব্লকের সময়ে সব নোটিফিকেশন অফ, social media app থেকে লগ আউট থাকা, দিনে এক বা দুই বার নির্দিষ্ট সময় স্ক্রল করার সীমা ধরার মতো ছোট ছোট নিয়ম। টেলিগ্রাম বা ফেসবুক গ্রুপ থেকে নোট নেবে, কিন্তু অকারণ বিতর্ক বা কমেন্টের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবে না। সোশ্যাল মিডিয়াকে রিসোর্স হিসেবে ব্যবহার করলে সেটা সুবিধা দেয়, জীবন মাপার স্কেল বানালে সেটাই স্ট্রেসের বড় উৎস হয়ে যায়।
প্রস্তুতির সময়ের isolation, একা একা ঘরে বসে থাকা, দিনে দিনে বন্ধুদের সাথে কম কথা বলা, অনেককে ধীরে ধীরে ভেতর থেকে একা করে দেয়। তখন ছোট একটা ভুলও বড় লাগে, আর negative চিন্তা গুলো uncontrollable হতে থাকে। এই জায়গাটা এভয়েড করতে দুই তিনজন safe মানুষ থাকা খুব দরকার, যাদের সাথে কথা বললে judgment আসে না, শুধু শুনে, সাপোর্ট করে, প্রয়োজনে gentle reality check দেয়।
এটা পরিবারও হতে পারে, খুব কাছের বন্ধু হতে পারে, বা কেউ সিনিয়র, যাকে তুমি বিশ্বাস করো। যখন মনে হয় মাথা আর নিতে পারছে না, তখন কিন্তু সবসময় নতুন বই শুরু করা সমাধান নয়, অনেক সময় পাঁচ থেকে দশ মিনিট কাউকে খোলামেলা বলে দেওয়া, আমি এই কারণে টেনশনে আছি, এতটুকুই স্ট্রেস অনেক কমিয়ে দেয়।
বড় এক ভুল আমরা করি, চাকরিটাকেই নিজের একমাত্র পরিচয় বানিয়ে ফেলি। মনে হয়, বিসিএস বা প্রাইমারি বা অন্য কোনো চাকরি না পেলে আমি যেন কিছুই না। এখান থেকেই আসে হেভি প্রেশার। বাস্তবে তুমি শুধু একজন job aspirant নও, তুমি একই সাথে হয়তো কারও সন্তান, কারও ভাই বা বোন, কারও বন্ধু, কারও জন্য প্রিয় মানুষ, তোমার নিজের আগ্রহ আছে, শখ আছে।
দিনশেষে এগুলোই mental safety net হিসেবে কাজ করে। তাই পূর্ণ সময় চাকরির প্রস্তুতি নিলেও, সপ্তাহে অন্তত একদিন বা কিছু নির্দিষ্ট সময় নিজের অন্য identity গুলোকে সময় দাও। পরিবারের সাথে কথা বলা, গল্পের বই পড়া, গান শোনা, হয়তো খুব সামান্য সময়ের জন্য হলেও – এগুলো তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি শুধু একটি রোল নম্বর নও।
অনেকেই ভাবে, শুধু ফাইনাল সিলেকশনটাই celebrate করার মত achievement। এর আগে যে ছোট ছোট জিনিসগুলো হচ্ছে – যেমন প্রথমবার পুরো সিলেবাসের একটা অংশ শেষ করা, আগের চেয়ে মডেল টেস্টে পাঁচ বা দশ নাম্বার বেশি পাওয়া, ইংরেজি লেখায় কম ভুল হওয়া – এগুলো আমরা তেমন গুরুত্ব দিই না।
কিন্তু মানসিকভাবে টিকে থাকার জন্য এই ছোট achievements গুলোকেই acknowledge করা জরুরি। দিনে বা সপ্তাহের শেষে একটু লিখে রাখা, আজ এই এই কাজগুলো করতে পেরেছি, এরপর নিজেকে একটু ছোট reward দেওয়া – যেমন প্রিয় কোনো গান শোনা, অল্প সময়ের জন্য কোনো মুভি বা vlog দেখা, প্রিয় খাবার খাওয়া – এগুলো brain কে positive feedback দেয়। এতে স্ট্রেস কমে, পরের কাজের energy বাড়ে।
অনেকেই প্রস্তুতির মাঝে একটু সময় নিজেকে দিলে guilt feel করে। যেমন কেউ যদি এক বিকেল বন্ধুকে সময় দেয়, তখন মনে হয়, এই সময়টায় পড়লে আরও এগোনো যেত। দীর্ঘ সময় এমন guilt নিয়ে চললে কোনো বিশ্রামই আসল বিশ্রাম হয় না, কারণ মাথা ততক্ষণেও পড়া নিয়েই ভাবতে থাকে।
এর বদলে আগেই প্ল্যান করে নিয়মিত ছোট ছোট বিরতি রাখো, যেগুলোকে তুমি নিজের plan এর অংশ হিসেবেই ধরছ। যেমন প্রতি সপ্তাহে একটি হাফ ডে পুরো পড়াহীন, বা প্রতিদিন রাতে শেষ ত্রিশ মিনিট শুধু নিজের জন্য। তখন সেই সময়টা পেলে guilt থাকে না, কারণ তুমি জানো, এটা পরিকল্পিত বিরতি। এমন বিরতিই তোমার পরের দিনের productivity ঠিক রাখে।
চাকরির প্রস্তুতির কোনো স্টুডেন্ট নেই যার life এ একটাও bad day নেই। এমন দিন আসবে যখন পড়া ভালো লাগবে না, সবকিছু meaningless মনে হবে, মাথায় শুধু প্রশ্ন ঘুরবে, এই সব করে লাভ কী। অনেকে এই দিনগুলোকে দেখে ভাবে, আমি বুঝি দুর্বল, আমার বোধহয় হওয়া সম্ভব না, অন্যরা তো এত strong।
আসলে এই bad day গুলোই normal, সেগুলোকে হিসাবের মধ্যেই ধরতে হয়। যেদিন খুব বেশি কিছু করতে পারো না, সেদিন নিজের ওপর বেশি রাগ না করে চেষ্টা করো হালকা কোনো কাজ হাতে নিতে, যেমন আগের পড়া চোখ বুলিয়ে দেখা, নোট গুছিয়ে রাখা, বা একদম পড়া না হলে শুধু ঘুমিয়ে energy রিস্টোর করা।
প্রস্তুতির মাঝপথে যখন চাপ বেড়ে যায়, ব্যর্থ হতে হতে ক্লান্ত লাগে, তখন অনেকেই নিজের মূল উদ্দেশ্য ভুলে যায়। শুরুতে নিজের স্বপ্ন, পরিবারের আশা, নিজের প্রতি প্রতিশ্রুতি যা ছিল, সময়ের সাথে তা ঝাপসা হয়ে যায়। তাই মাঝে মাঝে একা বসে নিজেকে খুব সোজা একটা প্রশ্ন করা ভালো, আমি প্রথমে কেন এই প্রস্তুতি শুরু করেছিলাম।
সেই উত্তরটা হয়তো হবে পরিবারের জন্য ভালো কিছু করা, নিজের সক্ষমতাকে প্রমাণ করা, দেশের জন্য একটা নির্দিষ্ট ভূমিকা রাখতে পারা, নিজেকে একটা স্থিতিশীল জায়গায় দাঁড় করানো। এই মূল কারণটা বারবার মনে করলে অনেক সময় সাময়িক স্ট্রেস বা হতাশা একটু হালকা হয়ে যায়।
চাকরির প্রস্তুতির চাপ পুরোপুরি মুছে ফেলা সম্ভব না, কিন্তু সেটাকে এমনভাবে ম্যানেজ করা যায়, যেন সেটা তোমাকে ভেঙে না দিয়ে শক্ত করে। পরিকল্পনা বাস্তবসম্মত হলে, নিজের সঙ্গে তুলনা কম হলে, শরীর আর মনকে কিছুটা সময় দিলে, safe লোকদের সাথে কথা বলার অভ্যাস করলে, আর ছোট ছোট অর্জনকেও গুরুত্ব দিলে, এই দীর্ঘ পথটা অনেক সহনীয় হয়ে যায়।
তুমি পিছিয়ে আছ কি না, সেটা ঠিক করবে না একটি মডেল টেস্ট বা একটি ব্যর্থ প্রচেষ্টা। বরং তুমি কি এখনো পড়ে যাচ্ছ, নাকি একটু দম নিয়ে আবার উঠে দাঁড়াচ্ছ, সেটাই বলে দেবে তুমি শেষ পর্যন্ত কতদূর যেতে পারবে।